যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম ও বৃহৎ সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোয়ারুল ইসলাম সভাপতি পদে এবং মমিনুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন। ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের হল রুমে সাধারণ সভা ও ২০২৬-২০২৭ সেশনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রবীণ সাংবাদিক মঈন উদ্দীন নাসের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল কাজল। নির্বাচনে সভাপতি পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন মনোয়ারুল ইসলাম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির এবিএম সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএ নিউজ ২৪ এর সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদ চৌধুরী দীপু পেয়েছেন ২৫ ভোট।
সাধারণ সভায় প্রথম অধিবেশনে সভাপতি মনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, মাহমুদ খান তাসের, শিহাব উদ্দীন কিশলু, সিরজুল ইসলাম,ফরিদ আলম. শেখ খোরশান ও মিছবাহ আহমেদ প্রমুখ।
নির্বাচনে সহ-সভাপতি পদে আবিদুর রহিম, কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচনে ক্লাবের ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ হচ্ছেন সভাপতি মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল), সহ-সভাপতি আবিদুর রহিম (ফ্রিল্যান্স), সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ( বিএ নিউজ ২৪) ,যুগ্ন সাধারন সম্পাদক মাহাথীর খান ফারুকী (এনটিভি), কোষাধ্যক্ষ রশীদ আহমদ ( ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), প্রচার ও দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর), কার্যকরী সদস্য: শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা) রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন ( ফ্রিল্যান্স ) ও শাহ আহমদ (আওয়াজ বিডি) সদস্য নির্বাচিত হন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.