বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে কভিড-১৯ এর বাস্তব প্রেক্ষাপট নিয়ে তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক শামীম আল আমিন পরিচালিত প্রমাণ্যচিত্র "হোপ নেভার ডাইজ"। ইতোমধ্যে নিউইয়র্কে দুটি প্রদর্শনীর পর ৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়ে প্রতিযোগীতায় নাম লিখিয়েছে আটলান্টা মুভি এওয়ার্ডে।
মহামারি কোভিড-১৯ ওলটপালট করে দিয়েছিলো গোটা দুনিয়ার মানুষের জীবনযাত্রা। প্রতিনিয়ত মৃত্যু তাড়া করেছিলো মানুষকে। ভয়ে-আতংকে মানুষে মানুষে সম্পর্কের ছেদ ঘটেছে, মমতা, ভালোবাসার ফারাক তৈরী হয়েছিলো তখন। বদলে যায় মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পড়ালেখার পদ্ধতি, বাজার-অফিস সবকিছু। প্রিয় মানুষকে হারিয়েও তখন খাপখাইয়ে নিয়েছিলো স্বজনহারা মানুষগুলো।
সেই বিপর্যযস্থ সময়ে এক অন্যরকম মানবিক সমাজ, নিজের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে থাকা, দ্রুততম সময়ে গবেষণা সম্পন্ন করে প্রতিষেধক আবিস্কারসহ নানান আয়োজন দেখেছে পুরো পৃথিবী। কোভিড-১৯ এর বাস্তব প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাংবাদিক, তথ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন নির্মাণ করেন হোপ নেভার ডাইজ (Hope Never Dies)।
গত ২০ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে প্রামান্যচিত্র "হোপ নেভার ডাইজ" এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রদর্শনীতে গণমাধ্যম ব্যাক্তিত্ব, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তথ্য-প্রযুক্তিবিদ থেকে শুরু করে নানান শ্রেণী ও পেশার প্রতিনিধরা দর্শক হিসাবে উপস্থিত ছিলেন। এবং ২৭ সেপ্টেম্বর কুইন্স লাইব্রেরিতে প্রদর্শিত হয়। এখানেও বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। দুটি প্রদর্শনীতেই দর্শকরা করোনার সংকটকালীণ সময়ের চিত্র দেখে আপ্লুত হন।
নির্মাতা শামীম আল আমিন জানিয়েছন- প্রামাণ্যচিত্রের জন্য পর পর কয়েকটি সুসংবাদ পাওয়া গেছে। নিউইয়র্কে দুটি প্রদর্শনীর পর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে । তার মধ্যে আটলান্টা মুভি এওয়ার্ডে (Atlanta Movie Awards) অফিসিয়াল সিলেকশনের পর এখন সেমিফাইনালে উঠেছে। এখানে সেরা প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে কিনা, সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।
অন্যদিকে ভারতের বিশ্বখ্যাত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Dadasaheb Phalke International Film Festival 2026) বিদেশী প্রামাণ্যচিত্র বিভাগে জায়গা পেয়েছে হোপ নেভার ডাইজ। আগামি ১২ নভেম্বর লসএঞ্জেলেসের এল এ সান ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন এবং অফিসিয়াল সিলেকশন পেয়েছে "হোপ নেভার ডাইজ"। এছাড়া রেইনবো ফিল্ম সোসাইটি (Rainbow Film Society) আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (24th Dhaka International Film Festival-DIFF) অফিসিয়াল সিলেকশন পেয়েছে। আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে প্রামাণ্যচিত্রটি। দর্শকদের কাছ থেকেও আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।শিগগিরই হয়তো আরও কিছু ভালো সংবাদ দেয়া সম্ভব হবে।
প্রামাণ্যচিত্রটি নির্মাণে যারা সহায়তা করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানান তথ্যচিত্র নির্মাতা-সাংবাদিক শামীম আল আমিন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.